1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

শত বছরের ঐতিহ্য, বগুড়ায় নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলায় ক্রেতাদের ঢল

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর, বগুড়া:

 

নতুন ধানের মৌ মৌ ঘ্রাণ, ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ব্যস্ততা আর বড় মাছ কেনার হিড়িকে উৎসবের আমেজে মেতেছে বগুড়ার কাহালু। শত বছরের পুরনো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কাহালু পৌর হাট-বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মাছের মেলা। মেলায় বড় মাছ সংগ্রহ করতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে আপ্যায়নের জন্য পছন্দের বড় মাছ কিনতে ভোর থেকেই বাজারে আসছেন ক্রেতারা। ব্যবসায়ীদের মতে, নবান্নকে ঘিরে এসব বাজারে প্রায় ৮০ লাখ টাকার মাছ বেচাকেনা হতে পারে।

 

হেমন্তে কৃষকের ঘরে নতুন ধান তোলার আনন্দ থেকেই গ্রামবাংলায় নবান্ন উৎসবের শুরু। নতুন চালের ভাত, নানা রকম পিঠা-পুলি, ক্ষীর-পায়েসের আয়োজন ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে আবহমান কাল ধরে উদযাপিত হয়ে আসছে এ উৎসব। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো বড় মাছ কেনা।

 

গত সোমবার ১ অগ্রহায়ণ দেশের বিভিন্ন অঞ্চলে নবান্ন উৎসব পালিত হলেও সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত পঞ্জিকা ও রীতি অনুযায়ী দুই দিন পর বুধবার কাহালুতে এই উৎসবের মূল আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কাহালু পৌর হাট-বাজার, সারাই বাজার, দুর্গাপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসেছে জমজমাট মাছের মেলা। সকাল গড়াতেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বড় মাছের দরদাম ও কেনাবেচাকে কেন্দ্র করে বাজারজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

পাইকারি মৎস্য ব্যবসায়ী মো. ফজলার রহমান বলেন, “নবান্ন উপলক্ষে এবার রাজশাহী থেকে বিক্রির জন্য একশ মণেরও বেশি মাছ আনা হয়েছে। গত বছরের চেয়ে এবার মোকামগুলোতে মাছের দাম কিছুটা কম থাকায় সরবরাহ বেশি। আশা করছি, নবান্ন উপলক্ষে কাহালুর মাছের বাজারে ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ বিক্রি হবে।”

 

তরুণ মৎস্য ব্যবসায়ী সোহাগ নওগাঁর সাপাহার থেকে নিয়ে এসেছেন ২২ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতলা মাছ। মাছটির দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি দুই হাজার টাকা। এ ছাড়া বাজারে ১২ কেজি ওজনের ব্লাডকার্প ও কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার টাকা দরে। ১৫ কেজি ওজনের ব্রিগেড ও বাটা মাছের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা। এছাড়া বাজারে সামুদ্রিক কোরাল মাছ কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা, টুনা ৭০০ টাকা, মাঝারি আকারের সিলভারকার্প ৫০০ টাকা এবং বোয়াল এক হাজার টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যান্য প্রজাতির মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকায়।

 

ভোর থেকেই পছন্দের মাছ কিনতে বাজারে ভিড় করতে শুরু করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের সাধন চন্দ্র জানান, তিনি কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা দরে একটি কাতলা মাছ কিনেছেন। তিনি বলেন, বছরের অন্য সময় মাছ কেনা হলেও নবান্নে বড় মাছ কেনা তাদের কাছে পারিবারিক ঐতিহ্যের অংশ। নতুন ফসল ঘরে ওঠার আনন্দ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই আয়োজন। বিশেষ করে নতুন জামাই ও আত্মীয়স্বজনদের আপ্যায়নে বড় মাছ কেনার রীতি গ্রামবাংলায় দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই ঐতিহ্য ধরে রাখতেই নবান্ন এলেই বাজারে বড় মাছ কেনার ধুম পড়ে।

 

মাছের মেলার পাশাপাশি পাড়া-মহল্লার প্রতিটি ঘরে ঘরেও চলছে নানা আয়োজন। নতুন চালের পিঠা-পুলি, ক্ষীর, পায়েস ও ফিরনি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পরিবারের সদস্যরা। মিষ্টির দোকানগুলোতেও সাজানো হয়েছে নানা ধরনের মিষ্টি ও গুড়ের জিলাপি। অতিথিদের মিষ্টিমুখ করাতে এসব দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।

নবান্ন উৎসব মুসলিম সমাজে ব্যাপকভাবে পালিত না হলেও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূর্বপুরুষের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে এই উৎসব উদযাপনের প্রচলন রয়েছে। উৎসবের দিন সূর্যোদয়ের পর উলুধ্বনি দিয়ে জমি থেকে একমুঠো নতুন ধানের শিষ কলাপাতায় নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তারা। এভাবেই শুরু হয় নবান্নের আনুষ্ঠানিকতা। এরপর বাড়িতে বাড়িতে চলে নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।

 

এদিকে নবান্ন উপলক্ষে নতুন সবজি কেনার প্রতিও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। দাম চড়া হলেও বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা দরে।

 

কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “হেমন্তকালে কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দকে কেন্দ্র করেই গ্রামবাংলায় নবান্ন উৎসবের প্রচলন হয়েছে। এটি বাংলার প্রাচীন কৃষিভিত্তিক ঐতিহ্য, যা যুগ যুগ ধরে চলে আসছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD