
(স্টাফ রিপোর্টার)মোহাম্মদ আমানত হোসাইন:
চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৩ যানবাহন চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
জানা যায়, লাইসেন্স ছাড়া ট্রাক চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ ট্রাক চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং এক মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বালু পরিবহনের সময় ইজারাকৃত বালুর পানি দিয়ে রাস্তা কর্দমাক্ত না করা, ধুলামুক্ত রাখা এবং ট্রাকের উপরে উপযুক্ত কাভার ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।