
রাজশাহী ব্যুরো:
০২ সেপ্টেম্বর ‘২৬ বুধবার, রাজশাহী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার একটি আমবাগানে অবস্থান নিয়ে ওত পেতে থাকে।
বিজিবির সদস্যরা দীর্ঘসময় অপেক্ষা করার পর গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে দেখতে পান, এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল বস্তাটি তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা এসব মাদকের আনুমানিক মালিকানা পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।