
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর দাখিল মাদ্রাসায় কেরানি পদে নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার কেরানি নিয়োগ নিয়ে মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ (৫০) এবং বিপ্লবের (৩০) সমর্থকদের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে উক্ত বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে প্রথম পক্ষের আতাউর রহমান জিন্নাহ (৫০), মো. মোরশেদ আলম (৪০) ও খোরশেদ আলী (৩৫) তিনজনই আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান জিন্নাহ ও মোরশেদ আলম নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় পক্ষের বিপ্লব (৩০) ও খাইরুল সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারাও নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নলডাঙ্গা থানা দায়িত্ব রত কর্মকর্তা তদন্ত ওসি ইব্রাহিম খলিল জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।