
বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ মোছা. তসলেমা আকতার (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পারুয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তসলেমা আকতারকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আকতাফুল ইসলাম, বাবার নাম তসলিম উদ্দিন এবং মায়ের নাম তহমিনা। তিনি পারুয়া, মোড়ল হাট ডাকঘর, বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তসলেমা আকতারের বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।