
লবণচরার ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি কদর ও ফারুক গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি:শাকিল শেখ
খুলনা নগরীর লবণচরায় চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গ্রেপ্তাররা হলেন—মো. ফারুক (২১), পিতা নজরুল মোল্লা এবং মাসুদুল ইসলাম কদর (১৮), পিতা আবু হোসেন বাবু।
রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে অভিযান চালিয়ে লবণচরার ডাবল মার্ডার মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন
উল্লেখ্য, গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। একই এলাকার পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওই দিন সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাবের দাবি, গ্রেপ্তার ফারুক ও কদর মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।
এদিকে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।