
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিকল, উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৩২)। জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পর হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রী ও কর্মীরা রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে রেল যোগাযোগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঘটনার পর দ্রুত উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হয়। পরে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় বলে জানান বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক।
তবে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি কখন সচল হবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেল কর্তৃপক্ষ।