
ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী
ময়মনসিংহ প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা এবার নিজ বিভাগেই দেওয়ার সুযোগ পাচ্ছেন ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর—এই চার জেলার প্রায় ৪০ হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।এর আগে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহীতে যেতে হতো। এতে যাতায়াত ও থাকা-খাওয়ার তীব্র কষ্ট, অতিরিক্ত আর্থিক ব্যয় এবং শারীরিক মানসিক চাপের মুখে পড়তে হতো ভর্তিচ্ছুদের। ময়মনসিংহ অঞ্চলে কেন্দ্র স্থাপনের এই সিদ্ধান্তের ফলে এবার সেই বিড়ম্বনা ও ভোগান্তির অবসান ঘটছে।শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা জানান, বিভাগীয় শহর ময়মনসিংহে কেন্দ্র সুবিধা পাওয়ায় যাতায়াত খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি সময়মতো ও চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা। সার্বিক আবাসন ও যাতায়াত সংকট কাটায় উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ।