
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ৫ দিনের, একজনকে ১ দিনের, চারজনকে ৩ দিনের এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
এদিকে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া লেকেরধার এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন সেবনের সময় আরও দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় এসব দণ্ডাদেশ দেওয়া হয়।
আরএমপি জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।