
আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শাহাব উদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
বগুড়ার আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার (২১ জুলাই) আদমদিঘী থানার এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রিফাত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেন। তিনি আদমদিঘী উপজেলার বশিকোড়া (খলিফাপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন খলিফার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১৬, তারিখ ২১/০৭/২০২৬ রুজু করা হয়েছে।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) প্রত্যুল কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ সান্তাহার আদর্শপাড়া এলাকার বাসিন্দা মোঃ আলমগীর হোসেন (২৮)-কে গ্রেফতার করেন। তিনি মোঃ আমিন হোসেন ওরফে রুহুল আমিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদিঘী থানায় মামলা নং-১৭, তারিখ ২২/০৭/২০২৬ রুজু করা হয়েছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।