
তানোরে আদিবাসী তরুণী ধর্ষণ মামলার রায়ের প্রতিবাদ, চারঘাটে শিশু ধর্ষণের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলায় ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে এবং চারঘাটে ৭ বছরের এক আদিবাসী শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে আদিবাসী যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ থেকে ২৫ জন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিস্কু, চারঘাটের ভুক্তভোগী শিশুর মা ঋতু রানী দাস এবং এডওয়ার্ড মারান্ডিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০২০ সালে তানোরের একটি গির্জার ভেতরে এক আদিবাসী শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ১২ জুলাই আদালত অভিযুক্তের পক্ষে রায় দেন। এ রায়ের প্রতি তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলাটি পুনর্বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, গত ৮ জুলাই রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক আদিবাসী শিশু ধর্ষণের ঘটনায় প্রকৃত অভিযুক্ত গ্রেপ্তার হলেও বিচার প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উভয় ঘটনায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত না হলে আদিবাসী যুব পরিষদের উদ্যোগে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সারাদেশে আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান এবং আদিবাসীদের ওপর সংঘটিত অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।