
লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার
আল মামুন শিপন-
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।
অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো সিটি হসপিটাল, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, আর এম ডেন্টাল কেয়ার এবং ডাক্তার আউয়াল মা ও শিশু হাসপাতাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। অভিযানে প্রযোজ্য আইনে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রদানে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার,পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।