
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী চিড়িয়াখানাটিকে পুনরুদ্ধার করে আধুনিক রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা কী—এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করা যায়।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষিঋণ মওকুফ এবং ইমামদের সম্মানী প্রদানসহ নানা উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে তাঁর নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও চলমান রয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোঃ শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।