
যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
জীবিকার সন্ধানে হাজারো স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভেড়িবাজার এলাকার বাসিন্দা মোঃ মাহফুজুল হক (৪৩)। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারাতে হলো তাঁকে।
গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ (ডেলিভারি) করতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মাহফুজুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, সেখানে ডোরড্যাশের (DoorDash) কোনো বৈধ অর্ডার ছিল না। এ কারণে তদন্তকারীদের ধারণা, ভুয়া অর্ডারের মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁকে ঘটনাস্থলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন মুখোশধারীর সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
নিহত মাহফুজুল হক গোমস্তাপুর উপজেলার ভেড়িবাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় শিক্ষাবিদ মোজাম্মেল হক (বাঘু মাস্টার)-এর ছেলে।
প্রবাসে জীবিকার তাগিদে কর্মরত অবস্থায় একজন বাংলাদেশির এভাবে নিহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাহফুজুল হকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।