
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগর ভবনের এনেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ সোহেল রানা।
সভায় রাসিকের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে পৃথক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
উপস্থাপনায় রাসিকের সাংগঠনিক কাঠামো, স্বাস্থ্যসেবা কার্যক্রম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), প্রাথমিক স্বাস্থ্যসেবা, সিটি হাসপাতালের বিভিন্ন সেবা, নগর পরিচ্ছন্নতা, কঠিন ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া রাজশাহী মহানগরীর পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, জন্ম নিবন্ধন, টিকাদানসহ বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশনের অর্জনও উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।
সভাপতির বক্তব্যে রাসিকের সচিব মোঃ সোহেল রানা বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় পরিচ্ছন্নতা, সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান। পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে রাজশাহীর সুনাম ধরে রাখতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোঃ এন্তেখাব উল আলম, সহকারী অধ্যাপক ডা. রাইহান মঞ্জুর, প্রভাষক ডা. মোঃ মিনরুল ইসলাম, প্রভাষক ডা. আসিফ আজিজি, ডা. তপু কুমার ঘোষ, ডা. নুসরাত রসিদ নিশু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি, রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।