
শিবগঞ্জে ১৮০ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ বোতল কোডিন মিশ্রিত নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী। এ ঘটনায় মো. মামুনারশিদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা মিস্ত্রিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুনারশিদের টিনশেড বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি কাপড়ের ব্যাগ থেকে ৯০টি করে মোট ১৮০ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত এসকাফ (কাফ সিরাপ) উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৮ হাজার মিলিলিটার (১৮ লিটার) মাদকদ্রব্য ছিল বলে জানিয়েছে অধিদপ্তর।
গ্রেপ্তার মামুনারশিদ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা মিস্ত্রিপাড়া গ্রামের মো. ময়েজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।