
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২
রাজশাহী ব্যুরো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর উপ-পরিচালক জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক নির্দেশনায় শনিবার (২৭ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানাধীন এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রানীনগর গ্রামের বাঁশলীতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকাগামী সড়কে একটি লাল রঙের ব্যাটারিচালিত ইজিবাইককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের ছাদের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একাধিক পকেটযুক্ত দুটি নেভি ব্লু রঙের কাপড়ের কটির ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত অবৈধ ESKUF সিরাপের ১০২ বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১০ হাজার ২০০ মিলিলিটার (১০.২০০ লিটার) সিরাপ জব্দ করা হয়।
এছাড়া অভিযান থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক, একটি পুরাতন OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি জিডিএল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জব্দকৃত আলামতের মধ্যে উদ্ধারকৃত ESKUF সিরাপের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং ইজিবাইকের মূল্য ১ লাখ টাকা, অর্থাৎ মোট জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
অভিযানে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—
১. মোঃ রবিউল ইসলাম (৫৫), পিতা: মৃত আফছার হোমসন, গ্রাম: তেলকুপি, ওয়ার্ড নং-০৭।
২. মোঃ সানাউল ইসলাম (৩০), পিতা: মোঃ ফিরোজ আহম্মেদ, গ্রাম: আজমতপুর রিফুজিপাড়া, ইউনিয়ন: শাহবাজপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।