
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান তালশন গ্রামের বাসিন্দা এবং মো. ওছমান আলী খন্দকারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ককটেল, পেট্রোল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় দলীয় বিভিন্ন নেতার ছবিতে অগ্নিসংযোগের পাশাপাশি চেয়ার, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।