
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যথাক্রমে ১৬৫ ও ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন, ২০২৬) ফরিদপুরের অম্বিকাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী পল্লী কবি জসিম উদদীনের বাড়িতে এক মননশীল ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক রোকেয়া ম্যাডাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন কবি ও সাহিত্যিক নূর উদ্দীন শেখ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালক আব্দুর রাজ্জাক রাজা।
পল্লী কবির স্মৃতিবিজড়িত প্রাঙ্গণের সাহিত্যের এই সুবাসিত পরিসরে গুণীজনদের আলোচনা এবং চমৎকার কবিতা পাঠের আসর বসে। উপস্থিত শ্রোতা ও সাহিত্যপ্রেমীদের জন্য এই আয়োজনটি ছিল কেবল একটি অনুষ্ঠান মাত্র নয়, বরং মননশীলতার এক অনির্বচনীয় পাঠশালা। অনুষ্ঠানে এমন অনেক নাম না-জানা গুণীজনের সমাগম ঘটে, যাঁদের প্রজ্ঞার দীপ্তি, সাহিত্যবোধের ঋদ্ধতা এবং অভিজ্ঞতার গভীরতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে কবি ও লেখক রোকেয়া ম্যাডাম বলেন, “জ্ঞানের প্রকৃত মহিমা কোলাহলে নয়, বরং বিনয় ও আত্মনিবেদনের মধ্যে নিহিত।” বিশেষ অতিথির বক্তব্যে নূর উদ্দীন শেখ রবীন্দ্র-নজরুল সাহিত্যের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে আগত তরুণ সাহিত্য অনুরাগী ও প্রতিনিধিরা জানান, এই অমূল্য আয়োজন থেকে প্রাপ্ত অনুপ্রেরণা তাঁদের মনন ও আগামী দিনের সাহিত্যচর্চার আকাশে দীর্ঘদিন আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। পল্লী কবির বাড়ির এই সুধী সমাবেশে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তথ্যঃ নাসরিন সুলতানা রহমান