
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেলেও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ মে) রাতে গোদাগাড়ী মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এলাকায় টহল দিচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার নদীপাড়ে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নদীর কিনারায় থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে আটক কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেটে মোড়ানো ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার এসআই মো. রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর তার সহযোগীর পরিচয় প্রকাশ করেছে। পলাতক ব্যক্তির বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।