1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মাদকবিরোধী বার্তায় সাভারে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ

 

খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’এই স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (০৭ মে) উপজেলার সোবাহানবাগ এলাকায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, বর্তমান সময়ে মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, যা বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, তাদের জন্য ইতিবাচক ও সৃজনশীল বিকল্প তৈরি করাও জরুরি। খেলাধুলা সেই বিকল্পের অন্যতম শক্তিশালী মাধ্যম

তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠে নামা মানে শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি শেখার একটি বড় সুযোগ। তরুণরা যখন মাঠমুখী হয়, তখন তারা স্বাভাবিকভাবেই মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।

 

লায়ন খোরশেদ আলম আরো বলেন, একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে তরুণদের পাশে দাঁড়িয়ে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মাদকবিরোধী টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি একটি সামাজিক আন্দোলনের অংশ, যা ধীরে ধীরে একটি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে এবং সাভারসহ সারাদেশের তরুণদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

 

উদ্বোধনী খেলায় অংশ নেয় ছায়াবিথী লায়ন্স ও সোবাহানবাগ ডোমিনেটর্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফয়সাল একাদশ ও সবুজবাগ স্পোর্টিং ক্লাব। আয়োজকরা জানান, মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল দর্শক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী এবং ঢাকা জেলা উত্তর (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়কোবাদ মো. শরীফুজ্জামান।

সাভার ইয়ুথ অ্যালায়েন্স আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD