
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সাভারে একটি আবাসন প্রকল্পের ভেতর থেকে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার ‘আনন্দনগর হাউজিং’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলা সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে হাউজিংয়ের ভেতরে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহত মহিদুলের গলায় ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও থেকে ধরে এনে এখানে জবাই করে ফেলে রেখে গেছে। পুলিশ প্রযুক্তির সহায়তায় (আঙুলের ছাপ) নিহতের পরিচয় নিশ্চিত করেছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।