
মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলমান রয়েছে পুলিশের টহল কার্যক্রম।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া নিয়মিতভাবে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সরাসরি টহলে অংশ নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকে টহল শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চললেও পরিস্থিতি বিবেচনায় অনেক সময় তা রাত ৪টা পর্যন্ত গড়ায়। শহরের ব্যস্ত সড়ক, বাসস্ট্যান্ড, বাজার, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্ভাব্য ভোটকেন্দ্রসংলগ্ন এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
টহল চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া বলেন,
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। আমি যতদিন এই থানার দায়িত্বে আছি, ততদিন সাধারণ মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পুলিশের নিয়মিত টহল ও সক্রিয় উপস্থিতিতে জেলার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের এমন তৎপরতায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা করা যায়।
জেলা পুলিশ জানিয়েছে, জনগণের আস্থা ধরে রাখতে এবং একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।