
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নামপরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘ টনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।