
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালক সুজন মন্ডল (৩০) কে হত্যার অভিযোগে ইউপিসদস্যসহ চার জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আকতার ইউপি সদস্য সেলিম হোসেন সহ চার জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করেছেন। মামলার পর আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী সোনা ভানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫) ও স্ত্রী সোনা ভানু (৩০)।
নিহত সুজন আক্কেলপুর উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা ওসমান আলীর একমাত্র ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক।
মামলা সুত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে সুজনের খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে গোপিনাথপুর ইউপি সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে তাকে কাশিড়া বাজার হাট অফিসে নিয়ে গিয়ে সারারাত দফায় দফায় নির্যাতন করে। সকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।