
স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ীর ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহম্মেদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে যশোর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে জমি ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানটি বাস্তবায়নের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজবাড়ী জেলার শিক্ষার মান উন্নয়নে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।