
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৬৮তম জোটা (JOTA), ২৯তম জোটি (JOTI) ও ডে ক্যাম্প “মহাতাবু জলসা”। শনিবার (১৮ অক্টোবর) রাতে সাভারের বংশী নদীর মনোরম তীরে অবস্থিত ‘নীলা বর্ষা রিভার কুইন’-এ বর্ণাঢ্য এই জলসার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্কাউটসের কমিশনার ও বংশী রিভার কুইনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাভার উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এবং সাবেক স্কাউট লিডারগণ।
দিনব্যাপী আয়োজনে সাভারসহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক স্কাউট সদস্য, কাব, রোভার ও গাইড অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা দিনব্যাপী নানা স্কাউট কার্যক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দলীয় উপস্থাপনা ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ প্রশিক্ষণে অংশ নেয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,স্কাউট আন্দোলন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপরায়ণ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কাউট সদস্যরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে।