
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত নওদাপাড়া টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসেই দুই হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামীতে আরও ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।
শনিবার (২ আগস্ট) জেলার নওদাপাড়া (আমচত্বরে ) অবস্থিত বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন; লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় , এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আরও উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছেন, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। এ ছাড়া “দীর্ঘদিন বন্ধ থাকা একটি মিল চালু করে স্বল্প সময়ে দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটি শুধু একটি কারখানার চালু হওয়া নয়, বরং একটি অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের সূচনা।”প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, ঢাকায় কাজ খুঁজতে যাওয়ার সময় শেষ।এখন আমরা শিল্প স্থাপন করবো প্রত্যন্ত এলাকায়, যাতে স্থানীয় মানুষের জন্যই কাজের সুযোগ তৈরি হয়।আমরা এখানে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলছি, যার পণ্য শতভাগ রপ্তানিমুখী হবে।পাশাপাশি নারীদের জন্যও নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, বিশেষ করে টেলি মার্কেটিং সেক্টরে।”
প্রসঙ্গত, গত অক্টোবরে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (PPP) ভিত্তিতে এই মিল পুনরায় চালুর চুক্তি করে প্রাণ-আরএফএল।গত ডিসেম্বরে দায়িত্ব বুঝে নিয়ে কারখানাটি মেরামত শেষে উৎপাদন শুরু করে, যেখানে এখন ব্যাগ ও জুতা তৈরি হচ্ছে।