
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনে পড়ে থাকার ঘটনা ঘটেছে। এতে বগিটি রেখেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যায়।
বোয়ালখালীর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাইরে সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করার পর বাহির সিগনাল এলাকায় শেষ বগিটির কাপলিং ভেঙে যায়। এতে বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে বগিটি রেললাইনে রেখেই ট্রেনটি বাকি যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করে চট্টগ্রামের দিকে যাত্রা করে। বর্তমানে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে অবস্থান করছে। নতুন একটি বগি সংযোজন করে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার প্রস্তুতি চলছে।
এদিকে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেন আটকে পড়েছে।
বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনার কাজ চলছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক।