
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারুণ্যের ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারের শিরোনাম ছিল— “Empowering Youth for Economic Development: Reflecting on the Past to Secure the Future”।
সেমিনারের আয়োজন করে রাবির Institutional Quality Assurance Cell (IQAC)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান, ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্সের পরিচালক ড. দুর্গা রাণী সরকার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের পরিচালক রশিদুল মান্নাফ চৌধুরী।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
সেমিনারে অংশ নেয় রাবির বিভিন্ন বিভাগের নিবন্ধিত ৮৮১ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে RUBiC (Rajshahi University Business Idea Competition) উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতার বিজয়ী তিনটি দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় ১১৫টি দল। সেমিনারের কারিগরি সেশনে বিজয়ী দলগুলো তাদের প্রকল্প উপস্থাপন করে।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জনসংখ্যার বড় অংশই তরুণ। তাদের শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং চাকরি সৃষ্টির জন্য প্রস্তুত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী চিন্তার প্রসারে সরকার যে সুযোগ-সুবিধা দিয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।” তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আরও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনারের পরবর্তী সেশনে তিনজন রিসোর্স পারসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি রাবির দুইজন সাবেক শিক্ষার্থী, যারা বর্তমানে সফল উদ্যোক্তা, তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।
সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা ভাবনার বিকাশ, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব প্রয়োগে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।