
অনলাইন রিপোর্ট ঃ যাত্রীর নাম, পাসপোর্ট, ও ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি এবং মজুতের কারণে এয়ার টিকিটের দাম বেড়ে যাচ্ছে দুই থেকে তিনগুন। দ্রুতই এই অবৈধ প্রক্রিয়ার লাগাম টানা জরুরি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আব্দুস সালাম আরেফ।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রি ও মজুতদারি বন্ধ করার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেশি লাভের আশায় এয়ারলাইন্সগুলো জনগণের ভোগান্তির কথা ভাবছে না। আগামী ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ টিকিট কিভাবে ব্লক হলো সে প্রশ্নও তোলেন তিনি।
এসময় তিনি অভিযোগ করেন, এয়ার টিকিট বিক্রির প্রক্রিয়ার মধ্যেই ঘাপলা রয়েছে। আর এই সংকট সমাধানের দায়িত্ব সরকারের ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। এই বিষয়ে প্রধান উপদেষ্টা নজরদারি করা উচিত।
এদিকে, বিদেশ যাওয়ার বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলছে প্রবাসীদের। গত কয়েক বছরের টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসীরা জানান, বিদেশ থেকে আপডাউন টিকিট কেটে এলে যে দাম পড়ে, দেশ থেকে সিঙ্গেল টিকিটের সমান পড়ে যায়। এতে অসহায় যাত্রী সাধারণ।