
শেরপুরের নকলায় পল্লী চিকিৎসক কে কুপিয়ে হত্যা।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে তার নিজ দোকানেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শফিক ওই এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায়, আজ সকালে ইউপি চেয়ারম্যান নিহত শফিকের মরদেহ উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় থানায় আনেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শফিকের দিহান স্টোর অ্যান্ড মেডিসিন পয়েন্ট নামের একটি দোকান ছিল। দীর্ঘদিন ধরে সেই দোকানে রাতে ঘুমাতেন তিনি। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সাড়ে ৯টার দিকে দোকানে আসে শফিক। সকাল ৮টার দিকে শফিকের পুত্রবধূ কিছু জিনিসপত্র আনার জন্য বাড়ি থেকে দোকানে গিয়ে সাঁটার বন্ধ দেখেন। পরে দোকানের পেছনে গিয়ে দেখেন দরজা খোলা। আর দোকানের ভেতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় শফিকের মরদেহ দেখতে পান।
দেশের চলমান পরিস্থিতির কারণে পুলিশ ঘটনাস্থলে যায়নি। টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতায় শফিকের মরদেহ থানায় আনা হলে সুরতহাল প্রস্তুতপূর্বক মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া।
জানা যায়, নিহত শফিকের ভাই টালকী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও অপর ভাই ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলেই দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’