
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহীর শাহ মখদুম থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি, রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার এক শোকবার্তায় আবুল কালাম আজাদ সুইট বলেন, মোহাম্মদ আশরাফুল হক আশরাফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি শাহ মখদুম থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আশরাফ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আবুল কালাম আজাদ সুইট মরহুম মোহাম্মদ আশরাফুল হক আশরাফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।