
শিল্পকলা একাডেমীর পরিচালকের অতিরিক্ত দায়িত্বে সাইফুর রহমান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন একাডেমীর গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া বিভাগের পরিচালক মোঃ সাইফুর রহমান(খোকন মাহমুদ)।
গত ১১ ই অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক(অতিরিক্ত) মোহাঃ হারুন-অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়
অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০শে সেপ্টেম্বর তারিখের এক প্রজ্ঞাপনে পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে নিয়োগপ্রাপ্ত মিজ মকিমা বেগম যোগদান না করায় একাডেমীর বিভিন্ন কর্মসূচী ও কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালক যোগদান না করা পর্যন্ত মোঃ সাইফুর রহমান নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক(প্রশাসন ও অর্থ) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট কবি মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ)কে গত ১৭ই আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত ২৩শে আগস্ট তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন।