
মোঃ রাজু উপজেলা প্রতিনিধি:(গোদাগাড়ী)
অশীতিপর বৃদ্ধ। ক্যান্সারে আক্রান্ত। নেই দুটি পা। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় একা চলাফেরা করাও তার পক্ষে সম্ভব নয়। চলাফেরার জন্য তিনি একটি বিশেষ গাড়ি ব্যবহার করেন।
কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা তার চলাফেরার একমাত্র অবলম্বন সেই গাড়িটির দুটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন অসহায় ওই বৃদ্ধ।
বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। খবরটি শুনে তিনি নিজেও ব্যথিত হন। বৃদ্ধ যেন আবার আগের মতো চলাফেরা করতে পারেন, সেজন্য নতুন ব্যাটারি কিনে দেওয়ার উদ্যোগ নেন তিনি।
এসি (ল্যান্ড) শিবু দাশ বলেন, অসহায় এই মানুষটির চলাফেরার একমাত্র অবলম্বনটি চুরি হয়ে যাওয়ার খবর শুনে তিনি ব্যথিত হয়েছেন। তিনি যেন আবার আগের মতো চলাফেরা করতে পারেন, সে ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, “আসুন, সমাজের সকল মানুষকে ভালো রাখতে আমরা যার যার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি।”
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।