
পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরাম। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের একটি প্রতিনিধি দল দেবীগঞ্জে গিয়ে গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তারা অংশ নেন। এ সময় মন্দিরের জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন রায় জানান, দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমা তৈরির শুরুতে ঠাকুরমশাই প্রথম মাটি স্থাপন করেন। এর প্রায় ১০ দিন পর প্রতিমায় দ্বিতীয় দফায় মাটি দেওয়ার কাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার পর থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে থাকা দুর্গাপ্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে।
সকালে বিষয়টি দেখতে পেয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের জানানো হয়। পরে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হলে তিনি দেবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মন্দির ও প্রতিমা পরিদর্শন করেন।
লিটন রায় বলেন, স্থানীয়ভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গাপূজার আয়োজনকে উৎসাহিত করেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তাই এ ধরনের ঘটনার পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সায়েম আহমেদ এবং মো. আতিয়ার রহমান। সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মো. মনোয়ার হোসেন (মনু)।
সভায় বক্তারা বলেন, কোনো ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিমা ভাঙচুরের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগের। তাই ঘটনাটি নিয়ে গুজব বা বিভ্রান্তি না ছড়িয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণের বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমেই সামাজিক শান্তি বজায় রাখা সম্ভব। এ সময় ‘বিভেদ নয়, ঐক্য’ স্লোগান সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।