
মো:সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হোসেন (২২), পিয়াল (২২) এবং ইমন (২৪)।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) নেছার ও এএসআই কামাল বাশারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।