
বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা ও রংপুর জেলাঃ
গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশির সময় একটি মোটরসাইকেলের ট্যাঙ্কি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক বাইক ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ যানবাহন তল্লাশি ও দায়িত্ব পালন করছিল। এ সময় সুন্দরগঞ্জের দিক থেকে আসা একটি সন্দেহজনক পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। সংকেত পেয়ে মোটরসাইকেল চালক কিছুদূর সামনে গিয়ে হঠাৎ বাইকটি রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে ট্রাফিক পুলিশ সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মোটরসাইকেলটি তল্লাশি করে। ট্রাফিক সদস্য ও উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলের সিট খুলতেই কালো পলিথিনে মোড়ানো কয়েকটি গাঁজার প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে ট্যাঙ্কি ও পাশের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ওজন করে দেখা যায়, মোট ৬ কেজি ৪৫০ গ্রাম।
এ বিষয়ে টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ট্রাফিক সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে পুরাতন জেলখানা মোড়ে তল্লাশিকালে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।