
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি ১৭৩ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর সিপিসি কোম্পানি।
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
এসআরবি-৫, সিপিসি কোম্পানি রাজশাহীর একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামের মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমির ওপর একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে আভিযানিক দলটি দ্রুত উক্ত স্থানে উপস্থিত হয়। পরবর্তীতে টর্চ ও সার্চ লাইটের আলোতে তল্লাশি চালিয়ে দুটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পায়।
এর মধ্যে একটি শপিং ব্যাগ থেকে ৫২৮ গ্রাম সাদা ধূসর রঙের হিরোইন সদৃশ পাউডার এবং অপর ব্যাগে ছোট ৬টি পলি প্যাক থেকে ১০৭.৫ গ্রাম করে মোট ৬৪৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুটি ব্যাগে সর্বমোট (৫২৮ + ৬৪৫) = ১.১৭৩ কেজি বা ১ কেজি ১৭৩ গ্রাম হিরোইন নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবি-৫ এর পক্ষ থেকে জানানো হয়।