
গোয়ালন্দে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হবিবুর রহমান ওরফে হবি সরদারকে (৬১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
অভিযুক্ত হবিবুর রহমান হবি সরদার গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া ওমেদ আলী সরদার পাড়া এলাকার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে শিশুটি অভিযুক্তের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হবিবুর রহমান তাকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন বলে শিশুটির বাবা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সফিকুল ইসলাম বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।