
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের মাদকবিরোধী অভিযান, ১ জনের কারাদণ্ড
মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি: গোদাগাড়ী
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নাদের আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
অভিযানে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন—নাদের আলী, পিতা: আব্দুল কাদের, গ্রাম: খুঁটিপাড়া।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। পরে আটককৃত নাদের আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।”