
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), সিপিএসসি, রাজশাহী।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রদীপ চন্দ্র সরকার (৬৩)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার সাইবাড় গ্রামের হরিপদ সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে (১৪:১০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি অভিযান চালানো হয়। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া রনি সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অবস্থানকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৫ এর একটি চৌকস দল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানার সিআর মামলা নং-৩৯/২১ (দায়রা মামলা নং-৭৬৮/২১) এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ১৫,১০,০০০/- (পনেরো লাখ দশ হাজার) টাকার অর্থদণ্ড প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।