
ডুমুরিয়া ( খুলনা ) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাসুদ রানা ওরফে রাহুল (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাসুদ রানা সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া এলাকার মো. আবদুল্লাহ সরদারের ছেলে।
অপরদিকে, রোববার রাতে এসআই অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে উপজেলার টিপনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আল আমিন (৩৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আল আমিন টিপনা এলাকার মো. হাসান আলী শেখের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
এছাড়া সিআর-৫৯৮ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফেরদৌসকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের মো. শাহআলমের ছেলে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার তিন আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।