

স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে গতকাল শনিবার দিনব্যাপী সঙ্গীতবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরতলীর রামকান্তপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছায়া কর্মকার।সংস্কৃতি সভ্যতার পরিচায়ক। যে জাতি যত সভ্য সে জাতির সংস্কৃতি তত সমৃদ্ধ। সংস্কৃতি মানুষকে মানবিক করে, মানুষে মানুষে সম্প্রীতি সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেয়।সংগীত মানুষের চিত্রের বিনোদনের সাথে সাথে শিক্ষাও দিয়ে থাকে। যে শিক্ষা জীবনের প্রতিটি স্তরে মানুষকে মানুষ হয়ে উঠতে সাহায্য করে। নানা কুসংস্কার কুপমন্ডুকতা হিংসা বিদ্বেষ উগ্রতা রুক্ষতা থেকে রক্ষা করে। কর্মশালার বক্তব্যে শিল্পী বলেন আমরা যদি কিছু না শিখি তাহলে আমাদের জীবনটা রোবটের মত হয়ে যাবে। জীবনকে বিকাশের পথে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সংগীত নিজেকে আনন্দ দেয় ভালো রাখে অন্য কেউ আনন্দিত করে। বোধের জাগরণ ঘটায়। গান করার মহৎ উদ্দেশ্য হলো আমি শুধু ভালো থাকিনা, আমি অন্য কেউ ভালো রাখি। সঙ্গীত চিত্তকে বাঁচিয়ে রাখে, আর চিত্ত বাঁচায় দেহকে যাতে গড়ে উঠতে পারে সুস্থ সচেতন মানবিক ধারার একটি জাতি। সংগীত নির্ভেজাল আনন্দ দেয়। সঙ্গীত একটা থেরাপিও। প্রবাদ আছে আনন্দ বিনোদন শিক্ষা, সুস্থ দেহ সুস্থ মন। ভারতে কিছু ক্যান্সার হাসপাতাল আছে যেখানে রোগীদের মিউজিক থেরাপী দেওয়া হয়। সঙ্গীত শিল্পীরা রোগীর কাছে গিয়ে তার হাত ধরে গান শোনায়। এতে রোগী অনেকটাই স্বস্তি লাভ করে। পরে তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গানের তালিম দেন। প্রশিক্ষণার্থীরা আনন্দের সাথে তাতে অংশ নেয়।
এর আগে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।
কর্মশালায় রাজবাড়ী জেলার বিভিন্ন বয়সী ৭০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। রাজবাড়ী সাংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংস্কৃতি প্রেমী মানুষ, শিক্ষার্থী অভিভাবক অসাধারণ মানুষ অনুষ্ঠান উপভোগ করে।
ছায়া কর্মকার এর পরিচিতি- কন্ঠশিল্পী ছায়া কর্মকার একজন নিবেদিতপ্রাণ সংগীত শিল্পী। রাজবাড়ীর নিজ বাড়িতেই ছায়া কর্মকারের সঙ্গীতে হাতেখড়ি মাত্র চার বছর বয়সে গুরু শ্রী তপন কুমার দে’র কাছে। এছাড়া গুরু শ্রী নিখিল কৃষ্ণ নাগ-এর কাছে সংক্ষিপ্ত সময় তালিম নেন। বাংলাদেশের প্রবাদ প্রতীম সংগীত ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রয়াত ওয়াহিদুল হকের সান্নিধ্যে দীর্ঘ সময় সংগীতে তালিম গ্রহনের সুযোগ লাভকরেন। ছায়া কর্মকার একাধারে যেমন সুকণ্ঠী গুণী সংগীত শিল্পী, পাশাপাশি তিনি একজন সুযোগ্য প্রশিক্ষক এবং সংগঠকও বটে। ‘ঋষভ সংগীত অঙ্গন’ নামক সংগীত চর্চার সংগঠনটির পরিচালক ছায়া কর্মকার। তিনি ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’ এর প্রভাষক হিসেবে কর্মরত। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন- এর একজন জ্যেষ্ঠ সংগীত শিল্পী হিসাবে নিয়মিত সংগীত পরিবেশন করার পাশাপাশি বাংলাদেশেরসকল টিভি চ্যানেলগুলোর সাথে নিয়মিত অনুষ্ঠানে যুক্ত আছেন। তিনি রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। তিনি একাধিক দেশে সাংস্কৃতিক সফরে সংগীত পরিবেশন করে সুখ্যাতি অর্জন করেছেন। ১৯৯২ ও ১৯৯৪ সালে তিনি রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভকরেন। ১৯৯৫ সালে পশ্চিম বাংলার ‘আইসিসিআর’- থেকে রবীন্দ্র সংগীতে বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে তিনি দেশে ফিরে আসেন। তাঁর সংগঠন ‘ঋষভসংগীত অঙ্গন’ নিয়ে তিনি বেশ কয়েকটি দেশ সফর করেন এবং সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ শিল্পকলাএকাডেমিতে প্রশিক্ষক হিসাবে কাজ করে যাচ্ছেন। তার প্রিয় মাতৃভূমি
রাজবাড়ীর প্রতি তার অকুন্ঠ ভালোবাসা,তিনি বারবার রাজবাড়ী আসবেন সবাইকে নিয়ে যাতে আনন্দে গান শোনাতে পারেন। সবার কাছে তিনি আশীর্বাদ প্রার্থনা করেন। অনুষ্ঠান 8 টা পর্যন্ত চলে শেষ হয়।