
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার শিবপুর গ্রামে বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ শাহাবুল হক (৩২) এবং শিবপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান নয়ন (২৮)।
রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বানেশ্বর থেকে চারঘাটগামী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে শিবপুর গ্রামের শিবপুর বটতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গায় কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ শাহাবুল হক ও মেহেদী হাসান নয়নকে আটক করে।
পরে শাহাবুল হকের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে নীল রঙের একটি পলিথিনে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযানের সময় মোঃ শাহাবুর মেম্বার (৪৪) নামে আরও একজন পালিয়ে যান। তিনি চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মোঃ আকবরের ছেলে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক শাহাবুর মেম্বারের বিরুদ্ধে রাজশাহী জেলায় সাতটি, ফেনী জেলায় একটি এবং নাটোর জেলায় একটি মাদক মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।