
আরিফুল ইসলাম ( এ আই তারেক), লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে চার জেলেকে অপহরণের অভিযোগে সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে অপহৃত জেলে জামাল উদ্দিন মাঝি বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি করেন।
মামলায় হেলাল উদ্দিনকে এক নম্বর আসামি করে মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে কমলনগরের মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় দুইটি নৌকায় জেলেরা মাছ ধরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে হেলাল উদ্দিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দুইটি স্পিডবোট ও তিনটি টেম্পু নৌকাযোগে এসে জেলেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, এ সময় জেলেদের দুইটি নৌকায় থাকা মাছ ও অন্যান্য মালামাল লুট করে নেওয়া হয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে চার জেলেকে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অপহৃতরা হলেন—চর জগবন্ধু এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে জামাল উদ্দিন, তার ছেলে মো. সুমন, শামিম হোসেন এবং ভোলার দৌলতখাঁ এলাকার মো. ইয়াছিনের ছেলে কামাল উদ্দিন।
মামলার বাদীর ভাষ্য অনুযায়ী, অপহরণের সময় জেলেদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হলেও কামাল মাঝির ফোনটি অপহরণকারীরা নিতে পারেনি। ওই ফোনের মাধ্যমে স্বজনরা তার অবস্থান সম্পর্কে জানতে পারেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কমলনগর থানা পুলিশ চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় হেলাল উদ্দিনের বাড়ি থেকে চার জেলেকে উদ্ধার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী জামাল উদ্দিন মাঝি অভিযোগ করেন, “হেলাল মেম্বার মেঘনা নদীতে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। ঘটনার দিন ১৫ থেকে ২০ জন এসে আমাদের মারধর করে দুই নৌকার মাছসহ মালামাল লুট করে নেয়। পরে আমাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে।”
অভিযোগের বিষয়ে হেলাল উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বলেন, নদীতে অপহরণসহ বিভিন্ন অপকর্মের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।