কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান প্রামাণিক শিলাইদহ ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওসমান প্রামাণিক পাওনা টাকা আদায়ের জন্য শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান। এ সময় তার কাছে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ছিল। পাওনা টাকা না পেয়ে তিনি পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে কুমারখালী থানা পুলিশ সেখানে গিয়ে ওসমান প্রামাণিককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান প্রামাণিক তার দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।