
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাসেল মোল্লা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আখের ক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধা (৩৫)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
জানা গেছে, দৌলতদিয়ার আইনদ্দিন মৃধার পাড়া এলাকায় রফিকুল ইসলামের আখের ক্ষেতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।