
বালিয়াকান্দিতে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলার ইন্দুরদী ও নারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আকবর হোসেন।
গ্রেপ্তার ব্যক্তি হলেন—বালিয়াকান্দি উপজেলার ইন্দুরদী গ্রামের মান্নান শেখের ছেলে মো. সামীম শেখ (২৯)। অপর পলাতক আসামি নারুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৬) রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তার ও পলাতক দুজনই কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা করেছেন।
বুধবার বিকেলে এবিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী বলেন, বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।