
রাজশাহী ব্যুরো:
৩০ আগস্ট ‘২৬ রবিবার,রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) ভোররাতে উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিতভাবে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল জানতে পারে, মাদক কারবারিরা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদকের একটি চালান পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর চারঘাট বিকল্প বিওপির একটি দল চারঘাট থানাধীন পিরোজপুর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন আমবাগানে অবস্থান নেয়।
বিজিবির সদস্যরা দীর্ঘ সময় সেখানে অবস্থান করে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। পরে রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুই ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আমবাগানের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩৪০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।